ব্লুস্কাই ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে

২০ নভেম্বর, ২০২৪ ১১:৫৭  

ভিন্নধর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই সম্প্রতি ২ কোটি ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছেছে। গত তিন মাসে এই প্ল্যাটফর্মের ব্যবহারকারী সংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহ আগেই এই অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছিল। খবর এনগ্যাজেট।

যদিও ব্লুস্কাই এখনও থ্রেডস এবং এক্স-এর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে, তবে তাদের বর্তমান প্রবৃদ্ধি লক্ষণীয়। গত এক সপ্তাহে বেশ কয়েকদিনে ব্লুস্কাই দিনে প্রায় ১০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত করেছে। এটি থ্রেডসের প্রবৃদ্ধির মতোই এগিয়ে যাচ্ছে যেখানে প্রতিদিন গড়ে ১০ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এবং তিন মাস ধরে এই ধারা অব্যাহত রয়েছে। থ্রেডস বর্তমানে মাসিক ২৭.৫ কোটি ব্যবহারকারী নিয়ে এগিয়ে রয়েছে।

ব্লুস্কাইয়ের এই অগ্রগতির আরেকটি দিক হলো এটি অ্যাপলের অ্যাপ স্টোরে গত ছয়দিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছে এবং গুগল প্লে স্টোরে চারদিন ধরে শীর্ষস্থানীয় অ-গেমিং অ্যাপ হিসেবে অবস্থান করছে। তুলনায়, মেটার থ্রেডস অ্যাপ স্টোরে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

প্ল্যাটফর্মটির দ্রুত প্রবৃদ্ধির পেছনে ব্যবহারকারীদের মধ্যে এক্স-এর প্রতি ক্রমবর্ধমান অসন্তোষের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ৭ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে ব্লুস্কাইয়ে ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই দিন অনেক এক্স ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট বন্ধের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

ব্লুস্কাই তার নীতিমালায় প্রতিযোগীদের থেকে নিজেকে আলাদা করতে চাচ্ছে। সম্প্রতি তারা ঘোষণা করেছে যে, তাদের ব্যবহারকারীদের কনটেন্ট জেনারেটিভ এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না। অন্যদিকে, এক্স তাদের নতুন প্রাইভেসি পলিসি অনুযায়ী তৃতীয় পক্ষের সঙ্গে কাজ করে ব্যবহারকারীদের টুইট এআই প্রশিক্ষণের জন্য ব্যবহারের অনুমতি দিচ্ছে।

ব্লুস্কাইয়ের সিইও জে গ্র্যাবার বলেছেন, তিনি নেটওয়ার্কে বিজ্ঞাপন এনে এর মান ক্ষুণ্ণ করতে চান না। তবে থ্রেডস আগামী জানুয়ারি থেকে বিজ্ঞাপন পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছে।

ডিবিটেক/বিএমটি